গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে বিদেশে নেওয়া হবে কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ সোমবার বেলা ১১টায় জরুরি বৈঠকে বসছে মেডিকেল বোর্ড।
চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র জানায়, রোগীর বর্তমান শারীরিক অবস্থা, বিদেশে স্থানান্তরের ঝুঁকি, সম্ভাব্য সুফল এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে মেডিকেল বোর্ড তাদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ সোমবার সকালে জানান, আজকের বৈঠকে বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।
তিনি বলেন, ‘রোগীর শারীরিক অবস্থা, বিদেশে নেওয়ার ঝুঁকি ও চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে মেডিকেল বোর্ড আলোচনা করবে। আজই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’
বর্তমানে ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। এ অবস্থায় বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের ক্লিয়ারেন্সই চূড়ান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মেডিকেল বোর্ডের বৈঠক শেষে রোগীর সর্বশেষ অবস্থা ও চিকিৎসার পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।