আগের ম্যাচের ব্যর্থতা পেছনে ফেলে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্ন রেনেগেডর্সের বিপক্ষে আঁটসাঁট বোলিংয়ে হোবার্ট হ্যারিকেন্স–এর জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। চার ওভার বল করে মাত্র ২১ রান খরচায় একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন রিশাদ। তার নিয়ন্ত্রিত বোলিংয়ের চাপেই মেলবোর্ন রেনেগেডর্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রানের বেশি করতে পারেনি।
রেনেগেডর্সের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন টিম সেইফার্ট। এছাড়া মোহাম্মদ রিজওয়ান করেন ৩২ রান এবং হাসান খান যোগ করেন ২৩ রান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়া হয়নি। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হোবার্টের শুরুটা ছিল নড়বড়ে। ইনিংসের প্রথম বলেই ফিরে যান মিচেল ওয়েন। আরেক ওপেনার টিম ওয়ার্ড দ্রুত বিদায় নেন। দুজনকেই ফেরান জেসন বেহরনডর্ফ।
দুই উইকেট দ্রুত হারানোর পর ইনিংস সামাল দেন নিখিল চৌধারি ও ম্যাথিউ ওয়েড ম্যাকডরমট। আগ্রাসী ব্যাটিংয়ে নিখিল মাত্র ২৯ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৭ চার ও ৪ ছক্কায় ৩৮ বলে করেন ঝলমলে ৭৯ রান। অন্য প্রান্তে ম্যাকডরমট অপরাজিত থাকেন ৪৯ রানে।
দুজনের দৃঢ় জুটিতে সহজ জয় নিশ্চিত করে হোবার্ট হ্যারিকেন্স। ব্যাটে-বলে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্সে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে দলটি।