শহীদ শরিফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা ১১টা ১৬ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবির সমাধিস্থলে উপস্থিত হন। সেখানে কিছু সময় অবস্থান করে কবর জিয়ারত শেষে বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে নিজ বাসভবন থেকে রওনা দেন তারেক রহমান। কবর জিয়ারতকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য **মির্জা আব্বাস**সহ দলের শীর্ষস্থানীয় নেতারা।
বিএনপি সূত্র জানায়, কবর জিয়ারত শেষে তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নির্বাচন কমিশনে যান। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছেন।
এর আগে গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় দলের পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। পরে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।
দলীয় সূত্র আরও জানায়, নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকতা শেষে তিনি ধানমন্ডিতে শ্বশুরবাড়িতে যান এবং সেখান থেকে আবারও এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে।