কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় র্যাব-১৩ এর অভিযানে ১৮ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিলসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, ফুলবাড়ী থানার ৬নং কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অনন্তপুর আবাসনে জনৈকা রেহেনার বসতবাড়িতে অভিযান চালিয়ে চারটি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা হয় দুই বোতল ফেনসিডিল।
অভিযানে গ্রেপ্তারদের নাম—১) নুর ইসলাম (৪০), পিতা: মৃত খয়বার আলী, ২) রেহেনা ওরফে মঞ্জি (৩৮), স্বামী: মৃত সাখাওয়াত, পিতা: মৃত মকবুল হোসেন—দু’জনই অনন্তপুর আবাসনের ১নং ওয়ার্ড, কাশিপুর ইউপির বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামিদ্বয় অজ্ঞাত উৎস থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তারা মাদক পরিবহন ও বিপণনে বিভিন্ন কৌশল ব্যবহার করত বলেও জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।