ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের প্রার্থীরা জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেছেন। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সুশাসনের জন্য নাগরিক-সুজন উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা সুজন কমিটির সভাপতি অধ্যক্ষ নূরন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রার্থীরা নিজেদের প্রত্যাশার কথা জনগণের সামনে তুলে ধরেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় তারা অঙ্গীকারনামায় স্বাক্ষরসহ একে অপরের হাতে হাত রেখে জনগণের সামনে অঙ্গীকার করেন।
অঙ্গীকারে প্রার্থীরা বলেন, নির্বাচিত হলে এলাকায় দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। দায়িত্ব পালনে স্বজনপ্রীতি ও দলীয়করণ প্রশ্রয় দেবেন না। এছাড়া পরাজিত হলে গণরায় মাথা পেতে নেবেন এবং বিজয়ীকে সর্বাত্মক সহযোগিতা ও বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে আলিঙ্গনের মাধ্যমে বরণ করে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত জনগণ শপথ বাক্য পাঠ করেন, তারা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন-কালো টাকার বিনিময়ে ভোট দেবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনের পাঁচজন প্রার্থীই উপস্থিত ছিলেন। তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থী মো. আনাস, বাসদ-মার্কসবাদী আহসানুল আরেফিন, বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন, জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা সুজন সভাপতি অধ্যক্ষ ফকরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক নাছিমা আমিন, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, মহানগর সুজন সম্পাদক গোলাম সাজ্জাদ স্বাধীন, উপজেলা সুজন সদস্য সুজন আহম্মেদ, খাদেমুল ইসলাম ইমন, ইয়ুথ মাজহাবিন মৌ। এসময় দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মো. শামসুদ্দিনসহ সুজন নেতারা, সাংবাদিকরা ও ইয়ুথ সদস্যরা উপস্থিত ছিলেন।