আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পৌনে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। এসব ব্যালট এখন রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
ইসির তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে মোট ৭,৬৬,৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে— ৫,২৬,০০৮ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন। ৪,৮০,৪১৬ জন ভোট দিয়েছেন এবং দেশে ফেরত পাঠাতে ৪,৪৪,৯৫২ জন পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ১,০৭,১৬৮টি ব্যালট গ্রহণ করেছেন।
দেশের অভ্যন্তরে ডাকযোগে পাঠানো হয়েছে ৬,৬২,৪৪৭টি পোস্টাল ব্যালট। এর মধ্যে— ২,৬০,৬৬৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ২,১১,১২২ জন ভোট দিয়েছেন, পোস্ট অফিসে জমা পড়েছে ১,৬৮,৫১৯টি ভোট। রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ২৭,৩৬৭টি ব্যালট।
ইসি জানায়, প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।