সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, শক্তিশালী রাষ্ট্র গঠনে স্বাধীন সাংবাদিকতার বিকল্প নেই। গণমাধ্যমকে আরও পেশাদার করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে বলেও জানান তিনি। বিস্তারিত রিপোর্টে।
দায়িত্ব নেওয়ার পর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার দুপুরে প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো সাংবাদিকদের সমস্যার সমাধান। রাষ্ট্র গঠনে সংবাদপত্রের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
“সাংবাদিকদের সমস্যার সমাধান ছাড়া গণমাধ্যমের টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করব…”
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজে সভাপতি শহিদুল ইসলামসহ সাংবাদিক নেতারা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও সুরক্ষা নিশ্চিত করতে নতুন সরকার কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা গণমাধ্যমকর্মীদের।