গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার বালুয়া ত্রিমোহন সড়কের পোড়াবাড়ি এলাকায় কাকড়া গাড়ির চাপায় মিমি বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (আজ) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি একই এলাকার খোরশেদ আলমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাকড়া গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনের ওপর উঠে যায়। পরে সেটি সড়কের পাশের একটি বাড়ির ভেতরে গিয়ে ধাক্কা দেয়। এ সময় গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন মিমি বেগম। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিমি বেগমের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ড্রাইভার ও ঘাত কাকড়াগাড়িটি স্থানীয়রা জব্দ করে রেখেছেন বলে জানান তারা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।