রাজধানীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাতে রাজধানীর সায়েন্সল্যাব ও তেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন ও তার মেয়ে তৃষা (২১)। অপর ঘটনায় তেজগাঁও এলাকায় নিহত হন সিএনজিচালিত অটোরিকশাচালক মো. আলিম (৬৫) এবং যাত্রী মো. হারুনুর রহমান (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাজু আহমেদ সুমন মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে রাত ৯টার দিকে সায়েন্সল্যাব মোড়ে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন মারা যান। গুরুতর আহত অবস্থায় তৃষাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে একই রাতে তেজগাঁওয়ের সাত রাস্তার মোড়ে আরেকটি দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক আলিম ও যাত্রী হারুনুর রহমান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হারুনুর রহমানের স্ত্রী ও তার বোন গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।