বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

  • সবশেষ আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩৪ জন সংবাদটি দেখেছেন

নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, নারীর উন্নয়ন ও অগ্রগতির জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হলেও এর সুফল পেতে হলে ঘরে ও বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার সংগ্রাম পর্যন্ত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের মহান আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য অর্জনের মধ্য দিয়েই তাদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব।

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, আগামী ১০ মার্চ থেকে এই কর্মসূচি শুরু হবে, যা পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রায় ১৬ শতাংশ অবদান আসে গৃহস্থালির কাজ থেকে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্প-সাহিত্য, কলকারখানা ও নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান গুরুত্বপূর্ণ।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, নারী নির্যাতন ও সহিংসতার ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকলে ইতিবাচক পরিবর্তন সম্ভব—এমন উদাহরণ অতীতেও দেখা গেছে বলেও উল্লেখ করেন তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com