ঢাকা: ভ্যাট অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও হয়রানি কমাতে নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে National Board of Revenue (এনবিআর)। ‘অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ নামে এই ডিজিটাল পদ্ধতিতে প্রথম ধাপে দেশের ৬০০টি বড় প্রতিষ্ঠানকে অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচিত ৬০০ প্রতিষ্ঠানের মধ্যে—উৎপাদনকারী: ৪০৫টি, সেবাদানকারী: ৯৮টি, খুচরা ও পাইকারি ব্যবসায়ী: ৬৫টি, আমদানি-রপ্তানিকারক: ৩২টি
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে কোনো কর্মকর্তা নিজের ইচ্ছামতো প্রতিষ্ঠান বাছাই করতে পারবেন না। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করা হচ্ছে।
এনবিআর সূত্র জানায়, ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় তথ্য ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস (EFD), পস মেশিন এবং সফটওয়্যারের মাধ্যমে সরাসরি সার্ভারে জমা হয়। পাশাপাশি অনলাইনে জমা দেওয়া ভ্যাট রিটার্ন এবং আমদানির তথ্যও যুক্ত হয়।
এই তথ্যগুলো একত্রে বিশ্লেষণ করে বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ করদাতাদের চিহ্নিত করা হয়। যেমন— হঠাৎ বিক্রি কম দেখানো, অস্বাভাবিক ভ্যাট দাবি, পূর্বের তুলনায় বড় ধরনের গরমিল, এ ক্ষেত্রে ২০টি নির্দিষ্ট ঝুঁকি সূচকের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করা হচ্ছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, করদাতা ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অডিট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এতে মানবিক হস্তক্ষেপ কমবে এবং অডিট নিয়ে অনিয়মের সুযোগ থাকবে না।
বিশ্লেষকদের মতে, এই ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে—ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে, করদাতাদের হয়রানি কমবে, রাজস্ব ফাঁকি শনাক্ত করা সহজ হবে।
এনবিআর জানিয়েছে, ভবিষ্যতে এই সিস্টেম আরও উন্নত করা হবে এবং ভ্যাট প্রশাসনকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল কাঠামোয় নিয়ে যেতে কাজ চলবে।