দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার কারণে দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে যে পরিমাণ তেল দেড় দিনে বিক্রি হতো, বর্তমানে তা মাত্র দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। মন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন, যা বাজারে কৃত্রিম চাপ সৃষ্টি করছে।
তার ভাষায়, “তেলের সরবরাহ বন্ধ হয়নি। কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে বেশি করে সংগ্রহ করায় দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে।” মন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক আন্তর্জাতিক উত্তেজনার কারণে জ্বালানি বাজারে প্রভাব পড়েছে। বিশেষ করে Iran-সংক্রান্ত পরিস্থিতির পর তেলের চাহিদা বেড়ে গেছে।
তবে সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রেখেছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
জ্বালানিমন্ত্রী অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে বলেন—শপিংমল ও প্রতিষ্ঠানের বাহিরের আলোকসজ্জা সীমিত রাখতে হবে, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখতে নির্দেশনা রয়েছে।