নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে জাতীয় সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ উত্থাপন করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে সংসদে উত্থাপিত নোটিশে তিনি অভিযোগ করেন, তাকে বারবার হামলার চেষ্টা করা হচ্ছে এবং জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, নাগরিকের জান, মাল ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সংসদের দায়িত্ব।
নোটিশটি পড়ে শোনান ডেপুটি স্পিকার। তবে বিধিগত সীমাবদ্ধতার কারণে তা গ্রহণ করা হয়নি। এ সময় তিনি বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগগুলো সত্য হলে তা অত্যন্ত দুঃখজনক। তিনি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ ছাড়া সংসদ সদস্যকে নিজ এলাকায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার পরামর্শ দেওয়া হয় এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।