জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা ঘটনাটি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে তিনজনই ঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। ভোরে কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে গিয়ে টিনের চালের ওপর ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিনজন গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে গাছের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।