আরএনবি অনলাইন ডেস্কঃ
রংপুর মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে মোট ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বিকেল ৩টার দিকে মহানগরীর খামারপাড়া, সিএন্ডবি গোডাউন, কেডিসি ও কুটিরপাড়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর ‘ক’ সার্কেল ও জেলা প্রশাসন।
জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ৬টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। আটক ৬ জন আসামিকে প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
আটককৃতরা হলেন—মো. নাইম ইসলাম নয়ন, মো. সাজু মিয়া, মো. সাইদুল, মো. শাহাজাদা, মো. মধু মিয়া ও মো. হৃদয় মিয়া।
অভিযানে জব্দ করা আলামতের মধ্যে ছিল মোট ১ কেজি গাঁজা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন এবং উপপরিদর্শক মো. মোসাদ্দেক হোসেন বাদী হয়ে মামলাটি করেন। সংশ্লিষ্টরা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।