সাংবাদিক হওয়ার জন্য প্রয়োজনীয় নীতিমালা ও আচরণবিধি প্রণয়নের কথা ভাবছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, জেলা প্রশাসকরা (ডিসি) মত দিয়েছেন যে সাংবাদিক হওয়ার জন্য কিছু প্রয়োজনীয় নীতিমালা থাকা দরকার। সরকারও এ বিষয়ে ইতোমধ্যে ভাবছে এবং দ্রুতই রেগুলেশন প্রণয়ন করা হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, “সাংবাদিক হওয়ার জন্য নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি এবং এটা আমরা দ্রুতই করবো।”
এ সময় সাংবাদিকরা জানতে চান, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ডিসিরা রাজনৈতিক চাপের বিষয়ে কোনো দাবি বা অভিযোগ তুলেছেন কি না।
জবাবে তিনি বলেন, বৈঠকে রাজনৈতিক প্রভাবের বিষয়টি আলোচনায় আসেনি। তবে অনলাইনভিত্তিক ডিজিটাল মিডিয়ার বিস্তারের কারণে মাঠ প্রশাসন অনেক সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে বলে ডিসিরা উল্লেখ করেছেন।
তিনি বলেন, ডিসিদের প্রত্যাশা হলো সাংবাদিকদের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা ও কোড অব কন্ডাক্ট থাকা উচিত, যা সবাই অনুসরণ করবেন। এতে সাংবাদিক ও প্রশাসন উভয় পক্ষই সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবেন এবং বিশৃঙ্খলা কমবে।
উপদেষ্টা আরও বলেন, “এরকম হলে সবাই সবার কাজটি সুষ্ঠুভাবে করতে পারবেন। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। দায়িত্ব পালনে সুবিধা হবে।”