তামিম ইকবাল বলেছেন, শুধুমাত্র আয়োজনের জন্য জোড়াতালি দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) করা উচিত নয়। শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করা না গেলে টুর্নামেন্ট আয়োজন না করার পক্ষেই মত দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
তিনি বলেন, “আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে বিপিএল করা উচিত হবে না। শুধু করার জন্য বিপিএল করার চেয়ে না করাই ভালো।”
তামিম আরও বলেন, নিয়মিত বিপিএল আয়োজনের পক্ষে তিনি থাকলেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি সংকট।
সাম্প্রতিক আসরগুলোর বিভিন্ন অনিয়মের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি যদি এমন কিছু করি যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে, তাহলে তার দায় আমার। ভুল হতেই পারে, কিন্তু জেনেশুনে ভুল করা অপরাধ।”
সবশেষ দুই বিপিএল আসরে ফিক্সিং বিতর্ক, খেলোয়াড়দের পারিশ্রমিক জটিলতা এবং দল ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা। তিনি বলেন, কিছু দলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই আসর আয়োজন করা হয়েছিল, যা বড় ভুল ছিল।
তিনি বলেন, “দুটি দলের সঙ্গে চুক্তিই হয়নি, অথচ তারা একটি আসর খেলেছে। চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব পরে বিসিবিকে নিতে হয়েছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না হয়, সেটি নিশ্চিত করা হবে।”
এ সময় তিনি আরও জানান, খেলোয়াড়দের চুক্তি প্রক্রিয়া নিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ আশরাফুল-এর সঙ্গে আলোচনা হয়েছে বলে উল্লেখ করলেও, মূলত কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক অথবা সংশ্লিষ্ট প্রতিনিধিদের মাধ্যমে খেলোয়াড়দের সুরক্ষায় নির্দেশনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।