ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।
সফরকালে প্রধানমন্ত্রী দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। শনিবার বিকেলে সেখানে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। একই স্থান থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হবে বলে জানা গেছে।
অনুষ্ঠানস্থল ঘিরে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।
জানা গেছে, ২০০৪ সালে তারেক রহমান বিএনপির একজন নেতা হিসেবে চাঁদপুর সফর করেছিলেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সফর জেলায়।
শুক্রবার রাতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।