আরএনবি অনলাইন ডেস্কঃ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ ও নিরাপদ করতে বিশেষ বাসসেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা। তিনি জানান, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন রুটে বাস পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
নির্ধারিত রুট অনুযায়ী বিশ্ববিদ্যালয়-ঢাকা, বিশ্ববিদ্যালয়-বগুড়া হয়ে নাটোর এবং বিশ্ববিদ্যালয়-তিস্তা-কুড়িগ্রাম রুটে একটি করে বাস চলবে। এছাড়া বিশ্ববিদ্যালয়-সৈয়দপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে দুটি বাস চলাচল করবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে বাজেট বৃদ্ধি পেলে বাসসেবার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এদিকে বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, ঈদে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের কাছে বিভিন্ন রুটে বাস চালুর দাবি জানানো হয়েছিল। সেই দাবির প্রেক্ষিতেই আগামী ২৩ মে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসগুলো যাত্রা শুরু করবে।
উল্লেখ্য, গত ২০ মে ইয়ামিন ইসলামের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী–এর কাছে স্মারকলিপি দেন। সেখানে ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে বিভাগীয় শহরগুলোতে বাসসেবা চালুর দাবি অন্তর্ভুক্ত ছিল।