বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সকাল থেকেই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো নেতাকর্মী। তাদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানারে কর্মসূচিতে অংশ নেন। এ সময় জিয়া উদ্যান এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কঠোর নিরাপত্তাব্যবস্থাও দেখা যায়।
শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি খেলার মাঠসংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া রাজধানীর আরও কয়েকটি স্থানে আয়োজিত অনুরূপ কর্মসূচিতেও তার উপস্থিত থাকার কথা রয়েছে।