শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটের পর পণ্যের দাম না বাড়ায় সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর শিবির নেতা জিসানকে ঘিরে নতুন মোড়, অভিযোগকারী নারীকে ‘তুলে নেওয়ার’ দাবি পরিবারের রংপুর মেডিকেলে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, জরুরি বিভাগে সেবা ব্যাহত মাদক পাচার দমনে এক অভিনব পন্থা অবলম্বন করেছে পেরু বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী সুবর্ণচরে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই

শিবির নেতা জিসানকে ঘিরে নতুন মোড়, অভিযোগকারী নারীকে ‘তুলে নেওয়ার’ দাবি পরিবারের

  • সবশেষ আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩ জন সংবাদটি দেখেছেন

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানকে ঘিরে আলোচিত ঘটনায় নতুন মোড় নিয়েছে। ধর্ষণের অভিযোগ আনা ২৫ বছর বয়সী এক বিধবা নারীকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

শনিবার (১৩ জুন) দুপুরে ওই নারীর বোন গণমাধ্যমকে জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে ১৫ থেকে ২০ জন ব্যক্তি তাদের বাবার বাড়িতে গিয়ে তার বোন ও বোনের সন্তানকে সঙ্গে করে নিয়ে যান। পরিবারের কাউকে সঙ্গে যেতে দেওয়া হয়নি।

তিনি বলেন, তাদের বাবা একজন স্ট্রোকের রোগী। হঠাৎ করে কয়েকজন লোক এসে তার বোনকে নিয়ে গেলেও তারা বুঝতে পারেননি কারা তাকে নিয়ে যাচ্ছে বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে রাতে জানতে পারেন, তাকে থানায় নেওয়া হয়েছে।

নারীর বোন আরও অভিযোগ করেন, তাদের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এবং মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছিল। পরিবারের সদস্যরা পরে আইনগত সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেন।

তবে শনিবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুজ্জামান এ অভিযোগ নাকচ করেন। তিনি বলেন, পুলিশ কাউকে তুলে নেয়নি। ওই নারী নিজেই থানায় এসে অভিযোগ দায়ের করেছেন।

একই সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, নিখোঁজের পর উদ্ধার হওয়া শিবির নেতা জিসান মিয়া প্রধান বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি সুস্থ আছেন এবং ছাড়পত্র পেলে তাকে আদালতে হাজির করা হবে। তার নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

এদিকে শনিবার সন্ধ্যায় জিসানের ভাই রাসেল রাফি বলেন, হাসপাতালে গিয়ে তারা জিসানের সঙ্গে দেখা করতে পারেননি। তিনি তখন ঘুমিয়ে ছিলেন। অভিযোগগুলোর বিষয়ে জিসানের বক্তব্য না পাওয়া পর্যন্ত তারা কোনো মন্তব্য করতে চান না বলেও জানান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন জিসান মিয়া প্রধান। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়। পরদিন রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, শনিবার বিকেলে পুলিশ জানায়, ২৫ বছর বয়সী এক বিধবা নারী বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করা হয় এবং গর্ভধারণের পর ভ্রূণ নষ্ট করার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের দাবি, নির্ধারিত বিয়ের তারিখের আগেই নিজেকে আড়াল করতে জিসান নিখোঁজ হওয়ার নাটক সাজিয়েছিলেন। তবে এ বিষয়ে জিসান বা তার আইনজীবীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com