সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং সঞ্চয় বিষয়ে সচেতন করে তুলতে রংপুরে শিক্ষা উপকরণ বিতরণ ও সঞ্চয় সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
সম্প্রতি রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সিটি কর্পোরেশন স্কুলে আয়োজিত এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জানায়, এ উদ্যোগের মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনের ১৭, ১৮, ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের মোট ২ হাজার ৮৪৩ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে পর্যায়ক্রমে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। এরই মধ্যে কার্যক্রমের একটি অংশ সম্পন্ন হয়েছে এবং বাকি কার্যক্রম চলমান রয়েছে।
শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি করে মাটির ব্যাংক (পিগি ব্যাংক) নিয়ে আসতে উৎসাহিত করা হয়। পরে তাদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের গুরুত্ব, অর্থ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সঞ্চয়ের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের এমনভাবে উদ্বুদ্ধ করা হয়েছে যাতে তারা নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতে সঞ্চয়ের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে এবং অন্যদের সহায়তায়ও এগিয়ে আসতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি স্পনসরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার নন্দিনী রোজারিও এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমা রেবেকা মুর্মু।
বক্তারা বলেন, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের শিশুদের জন্য শিক্ষা উপকরণ সহায়তা বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে সঞ্চয় সচেতনতা শিশুদের দায়িত্বশীল, সচেতন ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশা প্রকাশ করেছে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।