স্বৈরাচার শেখ হাসিনার দোসর জাতীয় পার্টির (জাপা) রাজনীতিকে নিষিদ্ধ করা না হলে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেছেন, জাতীয় পার্টি দীর্ঘ ১৫ বছর সহযোগিতার কারণে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিল। জাতির স্বার্থ চিন্তা না করে আওয়ামী লীগের দোসর এবং ভারতের এজেন্ট হয়ে কাজ করেছে জাতীয় পার্টি। যার ফলে স্বৈরাচার হাসিনা দেশের মানুষকে খুন-গুম, হামলা-মামলাসহ নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। ওই স্বৈরাচারকে বিদায় করতে চব্বিশের গণঅভ্যুত্থানে প্রায় ২ হাজার ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। সুতরাং অবিলম্বে স্বৈরাচার হাসিনার দোসর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অন্যথায় গণঅভ্যুত্থানের শহীদদের সাথে বেঈমানি করা হবে।
মাহবুবুর রহমান বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করতে হবে। বর্তমান একক সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক ভোট পদ্ধতিতে কৃষক-শ্রমিকসহ সাধারণ জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। এ কারণে পিআর পদ্ধতির বাস্তবায়ন এখন সময়ের দাবি।
সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখা সভাপতি অ্যাডভোকেট কাওছার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন—ফেডারেশনের রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল।
অন্যান্যের মধ্যে রংপুর মহানগর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি শহিদা বেগম, ফেডারেশনের মহানগর সহসভাপতি অধ্যাপক মুত্তালিব হোসাইন, সাবেক সভাপতি শাহ মোহাম্মদ নূর হুসাইন, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডল, কোতোয়ালি থানা সভাপতি আবু সায়েম বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর সেক্রেটারী শাহানত মিয়া।
নিউজ-ঢাকাপোস্ট।