রংপুরের পীরগঞ্জে অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে শুভ ইসলাম রিয়ন (২৬) নামে এক ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পরীক্ষা চলাকালে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে পরীক্ষার্থী শুভ ইসলাম রিয়নের পরিচয় যাচাই করা হয়। যাচাই-বাছাইয়ের একপর্যায়ে তিনি পৌরসভার প্রজাপাড়া এলাকার আব্দুস সালাম আকন্দের ছেলে নাজমুল হাসানের পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। পরে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অপরাধে শুভ ইসলাম রিয়নকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ঘটনাটি জানাজানি হলে পরীক্ষাকেন্দ্রে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে ইউএনও মাহমুদুল হাসান বলেন, “পাবলিক পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা প্রক্সি পরীক্ষা বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ৭৩৩টি কলেজের মোট ১ লাখ ১৪ হাজার ৭৩৬ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে রংপুর জেলার আট উপজেলায় ৪১টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ২৪ হাজার ৩৩২ জন শিক্ষার্থী।
এ ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ১০টি কেন্দ্রে ২ হাজার ১৫২ জন আলিম পরীক্ষার্থী এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৬টি কেন্দ্রে ৫ হাজার ২৪৮ জন পরীক্ষার্থী এইচএসসি (বিএমটি/বিএম/ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে।