রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রান্তীক গোস্বামী রঙ্গন (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্তীক গোস্বামী রঙ্গন উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে। তিনি ধনতলা রেয়াজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ-এর শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে বের হয়ে বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন প্রান্তীক। পরে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
প্রান্তীকের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। চলমান এইচএসসি পরীক্ষার মাঝপথে এক শিক্ষার্থীর এমন মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও স্বজনরা গভীর শোক প্রকাশ করেছেন। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত পরিবারে চলছে আহাজারি।
স্থানীয়রা সড়কটিতে নিরাপদ গতিতে যানবাহন চালানোর পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।