২০২৬ ফুটবল বিশ্বকাপে ঘানার আলোচিত তান্ত্রিক নান্না কওয়াকু বোনসামকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, চলতি বিশ্বকাপে তার একের পর এক ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলছে ব্যাপক হাস্যরস ও বিতর্ক।
এবার আর্জেন্টিনাকে নিয়ে সুর পাল্টেছেন ঘানার আলোচিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর এবার প্রকাশ্যেই লিওনেল মেসির প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। ফলে ঘানার এই তান্ত্রিকের সমর্থনে আর্জেন্টাইন সমর্থকদের মনে সন্দেহের দানা বাদছে কারণ তিনি যারই পক্ষ নিয়েছেন তারাই হেরেছেন।
তবে মাঠের লড়াইয়ে তার ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়। যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াই শেষে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
নিজের ভুল ভবিষ্যদ্বাণী নিয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে বরং ইনস্টাগ্রামে লিওনেল মেসির একটি ছবি পোস্ট করে নতুন বার্তা দেন বনসাম।
সেখানে তিনি লেখেন, “আমি, নানা কোয়াকু বনসাম, তোমাকে আরও বেশি ভালোবাসি। আমার ভাই মেসি। কফি বা কফির শক্তি তোমার সঙ্গে থাকুক। শক্তি এখনও তোমার সঙ্গে আছে।”
বিশ্বকাপজুড়ে ঘানার এই আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা মন্তব্যের কারণে আলোচনায় রয়েছেন। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘানার ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে গোল করা থেকে বিরত রাখতে তিনি জাদু প্রয়োগ করেছেন।
সেই ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ার পর বনসাম আবারও আলোচনায় আসেন। পরে অবশ্য তিনি দাবি করেন, কেইনকে তিনি ‘মুক্তি’ দিয়েছেন এবং ইংল্যান্ড অধিনায়ককে নিজের বন্ধু বলেও উল্লেখ করেন।
এদিকে আর্জেন্টিনা এখন শেষ ষোলোতে মিশরের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন সময়ে বনসামের অবস্থান পরিবর্তন ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই রসিকতা করে বলছেন, আর্জেন্টিনাকে হারানোর ভবিষ্যদ্বাণী ব্যর্থ হওয়ার পর এবার যেন মেসির সমর্থক হয়ে গেলেন ঘানার ভাইরাল তান্ত্রিক।
বিশ্বকাপের বাকি পথচলায় বনসামের নতুন সমর্থন আর্জেন্টিনার জন্য কতটা সৌভাগ্য বয়ে আনে, সেটিই এখন দেখার অপেক্ষা।