আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে বুধবার মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন রুপার দাম উল্লেখযোগ্যভাবে বাড়লেও প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম কিছুটা কমেছে। খবর রয়টার্সের।
বিশ্ববাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট সিলভারের (রুপা) দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ০৮ মার্কিন ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, প্লাটিনামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৯৮ দশমিক ৮০ মার্কিন ডলারে নেমে এসেছে।
এছাড়া প্যালাডিয়ামের দামও শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৬৪ দশমিক ৩২ মার্কিন ডলারে লেনদেন হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৫৬ মিনিট পর্যন্ত স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০ দশমিক ৬৩ মার্কিন ডলারে দাঁড়ায়।
এদিকে আগস্ট মাসে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৪ হাজার ৩৮ দশমিক ৯০ মার্কিন ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত এবং মূল্যস্ফীতি বিষয়ে ভবিষ্যৎ দিকনির্দেশনার ওপর বিনিয়োগকারীদের নজর রয়েছে। বিশেষ করে ফেড চেয়ারম্যানের বক্তব্যের পর ডলারের বিনিময় হার এবং মূল্যবান ধাতুর বাজারে নতুন প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স