সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলোতে ড্রোন হামলার ঘটনার পর দেশটির প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং কয়েকটি আরব দেশ। একই সঙ্গে আত্মরক্ষার অংশ হিসেবে সৌদি আরবের নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থনও জানিয়েছে তারা। খবর আনাদোলু এজেন্সির।
জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই এক বিবৃতিতে বলেন, সদস্য রাষ্ট্রগুলো সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রিয়াদের নেওয়া সব পদক্ষেপের পাশে রয়েছে।
তিনি অভিযোগ করেন, ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের এ হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি ‘বিপজ্জনক উত্তেজনা’ সৃষ্টি করেছে।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ড্রোন হামলার নিন্দা জানিয়ে এটিকে সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। একই সঙ্গে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার অধিকার প্রয়োগে সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে দেশটি।
কাতারও সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় গৃহীত সব বৈধ পদক্ষেপের প্রতি সমর্থন ব্যক্ত করেছে।
অন্যদিকে বাহরাইন জানিয়েছে, সৌদি আরব যে ধরনের জবাবি পদক্ষেপই গ্রহণ করুক না কেন, তারা রিয়াদের পাশে থাকবে। একই সঙ্গে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ড্রোনগুলো ভূপাতিত করায় সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেছে দেশটি।
এর আগে সৌদি আরবের পূর্বাঞ্চলের কয়েকটি তেল স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি