বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

আড্ডা থেকে উদ্যোক্তা, সাত বন্ধুর সফলতার গল্প

  • সবশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৩৫ জন সংবাদটি দেখেছেন

বন্ধুত্ব শুধু আড্ডা বা স্মৃতিচারণের মধ্যেই সীমাবদ্ধ নয়। পারস্পরিক আস্থা, ঐক্য ও পরিকল্পনা থাকলে সেই বন্ধুত্বই হতে পারে একটি সফল উদ্যোগের ভিত্তি। ময়মনসিংহের সাত বন্ধু এমনই একটি উদাহরণ সৃষ্টি করেছেন। প্রায় তিন দশকের বন্ধুত্বকে তারা রূপ দিয়েছেন একটি সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানে। তাদের প্রতিষ্ঠিত ‘অ্যামিগোস’ রেস্টুরেন্ট এখন নগরীর জনপ্রিয় খাবারের ঠিকানার পাশাপাশি বন্ধুত্বের প্রতীক হিসেবেও পরিচিত।

ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় অবস্থিত রেস্টুরেন্টটির নাম রাখা হয়েছে ‘অ্যামিগোস’। স্প্যানিশ ভাষায় যার অর্থ ‘বন্ধুরা’। দীর্ঘদিনের বন্ধুত্বের স্মারক হিসেবেই এই নাম বেছে নিয়েছেন উদ্যোক্তারা।

উদ্যোক্তা সাত বন্ধু হলেন ওয়াহিদ হিমেল, মঈন রায়হান, সাব্বির হোসেন, রিয়াদুল আহসান, মারুফ রহমান, রাফিউল হক ও মুশরাফুল ইসলাম। তাদের মধ্যে ছয়জন ময়মনসিংহ জিলা স্কুল এবং একজন গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শৈশব থেকেই একসঙ্গে বেড়ে ওঠা, পড়াশোনা, খেলাধুলা ও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়েই গড়ে ওঠে তাদের গভীর বন্ধুত্ব।

পরে উচ্চশিক্ষা শেষ করে সবাই ভিন্ন ভিন্ন পেশায় যুক্ত হন। কর্মব্যস্ততার কারণে একসঙ্গে সময় কাটানোর সুযোগ কমে আসায় তারা এমন একটি উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন, যেখানে ব্যবসার পাশাপাশি বন্ধুত্বও অটুট থাকবে।

দীর্ঘ পরিকল্পনার পর ২০২০ সালে সীমিত পুঁজি নিয়ে ‘অ্যামিগোস’ রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়। শুরুতে পুঁজি সংকট, ব্যবসায়িক অভিজ্ঞতার অভাব এবং নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও পারস্পরিক আস্থা, কঠোর পরিশ্রম ও ঐক্যের মাধ্যমে তারা ধীরে ধীরে সফলতা অর্জন করেন।

বর্তমানে রেস্টুরেন্টটি স্থানীয়দের কাছে একটি জনপ্রিয় আড্ডা ও খাবারের কেন্দ্র হিসেবে পরিচিত। উদ্যোক্তাদের মতে, ব্যবসার পাশাপাশি এটি তাদের বন্ধুত্বেরও একটি স্থায়ী ঠিকানা হয়ে উঠেছে।

রেস্টুরেন্টটির অন্যতম উদ্যোক্তা ওয়াহিদ হিমেল বলেন, “ছোটবেলা থেকেই আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু। সবাই নিজ নিজ পেশায় ব্যস্ত হয়ে পড়লেও বন্ধুত্বের টান কখনো কমেনি। তখন মনে হলো, এমন কিছু করা দরকার যা আমাদের বন্ধুত্বকে আরও দীর্ঘস্থায়ী করবে। সেই ভাবনা থেকেই ‘অ্যামিগোস’-এর যাত্রা।”

তিনি বলেন, “শুরুতে পুঁজি কম ছিল, কিন্তু লক্ষ্য ছিল একটি সুন্দর আড্ডার পরিবেশ তৈরি করা। এখন শুধু আমরা সাতজনই নই, আমাদের পুরো বন্ধু মহল এখানেই নিয়মিত মিলিত হয়।”

আরেক উদ্যোক্তা মঈন রায়হান বলেন, “আমাদের কাছে এটি শুধু একটি ব্যবসা নয়, দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক। ছয় বছর ধরে একসঙ্গে ব্যবসা পরিচালনা করছি। সবচেয়ে বড় অর্জন লাভ নয়, বরং এত বছর পরও বন্ধুত্ব অটুট রাখতে পারা।”

ঠাঁই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ইন্টারন্যাশনাল সার্টিফায়েড অ্যাডিকশন প্রফেশনাল মোহাম্মদ আশরাফুল আলম বলেন, কৈশোর ও তারুণ্যে একজন মানুষ সবচেয়ে বেশি বন্ধুদের প্রভাবে থাকে। তাই ইতিবাচক ও সৎ বন্ধু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত বন্ধু কখনো মাদক, অপরাধ বা ধ্বংসাত্মক কাজে উৎসাহিত করে না; বরং শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অনুপ্রাণিত করে। সাত বন্ধুর এই উদ্যোগ তারই একটি অনুকরণীয় উদাহরণ।

বিশ্ব বন্ধু দিবসকে সামনে রেখে সাত বন্ধুর এই উদ্যোগ নতুন করে মনে করিয়ে দেয়, পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা ও আন্তরিকতার ভিত্তিতে গড়ে ওঠা বন্ধুত্ব শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, সমাজের জন্যও ইতিবাচক ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হতে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com