প্রবাসী বাঙালিদের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন ফোবানা সম্মেলনের মঞ্চে প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনে অংশ নেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।
আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন। প্রতি বছরের মতো এবারও উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের মিলনমেলায় পরিণত হবে এ আয়োজন। সংগীত, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে সম্মেলনজুড়ে।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি দেশের বাইরে প্রবাসী বাঙালিদের বিভিন্ন আয়োজনে নিয়মিত অংশ নিতে দেখা যায় জায়েদ খানকে। তবে ফোবানার মঞ্চে এবারই প্রথম পারফর্ম করতে যাচ্ছেন তিনি। আয়োজকদের প্রত্যাশা, তার উপস্থিতি এবারের সম্মেলনে দর্শকদের বাড়তি আগ্রহ তৈরি করবে।
তিন দিনের এই সম্মেলনে জায়েদ খান ছাড়াও বাংলাদেশের আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী অংশ নেবেন। তাদের গান, নাচ ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে উঠবে ফোবানার মঞ্চ।
উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি ও বাংলা ভাষাভাষীদের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে ফোবানা সম্মেলনের আয়োজন করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ থেকে সংগীতশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পীসহ সংস্কৃতি অঙ্গনের তারকারা অংশ নিয়ে থাকেন।
এবারের ৪০তম আসর ঘিরেও প্রবাসী বাঙালিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অরল্যান্ডোর মঞ্চে জায়েদ খানের প্রথম অংশগ্রহণ সেই আয়োজনে যোগ করছে নতুন মাত্রা।