একজন ভালো আইনজীবী হতে শুধু আইনের বই পড়াই যথেষ্ট নয়; সংশ্লিষ্ট মামলার তথ্য, তদন্ত প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণসহ প্রতিটি বিষয়ে গভীর জ্ঞান থাকতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, একজন আইনজীবীকে যুক্তিবোধ, অনুসন্ধিৎসা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে।
শনিবার (২৯ আগস্ট) আশুলিয়া মডেল টাউনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত ‘দ্য আর্ট অব ক্রস এক্সামিনেশন’ শীর্ষক ক্রিমিনাল ট্রায়াল অ্যাডভোকেসি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ল’ ক্লাব এ কর্মশালার আয়োজন করে।
চিফ প্রসিকিউটর বলেন, ভালোভাবে সাক্ষী জেরা করার কোনো নির্দিষ্ট একক সূত্র নেই। একজন দক্ষ ট্রায়াল আইনজীবীকে সংশ্লিষ্ট আইনের ওপর গভীর দখল রাখার পাশাপাশি মামলার তথ্য ও তদন্ত সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
তিনি বলেন, তদন্তের বিভিন্ন ধাপে কী ঘটেছে, কোথায় ভুল হয়েছে এবং সাক্ষ্য-প্রমাণে কোনো অসঙ্গতি বা ঘাটতি রয়েছে কি না—এসব খুঁজে বের করার দক্ষতা একজন আইনজীবীর থাকতে হবে।
আইন বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত আদালতে গিয়ে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণের পরামর্শ দেন মো. আমিনুল ইসলাম। তার মতে, এর মাধ্যমে মামলা পরিচালনা, সাক্ষী জেরা এবং আইনি যুক্তি উপস্থাপনের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শুধু আইনজীবী নয়, ভালো মানুষ ও দায়িত্বশীল পেশাজীবী হিসেবে গড়ে উঠবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, আইন পেশার মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় মেধাবী, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল আইনজীবী তৈরি করা প্রয়োজন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব বলেন, আইন শুধু একটি পেশা নয়; মানবতা, ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম। তাই আইন শিক্ষার্থীদের গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে।
তিনি বলেন, মানারাত বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শিক ও মূল্যবোধসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। এখান থেকে শিক্ষার্থীরা শুধু সনদ নিয়ে বের হবেন না; জ্ঞান, নৈতিকতা, দক্ষতা ও দায়িত্ববোধ নিয়ে দেশ ও সমাজের জন্য কাজ করবেন।
অনুষ্ঠানের শুরুতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মুট কোর্ট উদ্বোধন করেন। পরে আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মক ট্রায়াল অনুষ্ঠিত হয়।
মক ট্রায়ালে প্রিসাইডিং জাজ হিসেবে কার্যক্রম পর্যবেক্ষণ করেন চিফ প্রসিকিউটর। পরে তিনি শিক্ষার্থীদের উপস্থাপনা, আইনি যুক্তি, সাক্ষী জেরা ও বিচার কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক পর্যালোচনা করে ভুল-ত্রুটি সংশোধনে পরামর্শ দেন।
আইন বিভাগের প্রধান আবদুল্লাহ হিল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মার্জিনা রায়হান (মদিনা), মোহাম্মদ জহিরুল আমিন, শাইখ মাহদী ও এস. এম. তাসমিরুল ইসলাম।
এ ছাড়া বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিমূলক শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের দেওয়া হয় সনদপত্র।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।