নিরাপদ ও অপরাধমুক্ত রংপুর গড়ার লক্ষ্যে চালু হয়েছে ‘সেভ রংপুর’ নামে একটি বিশেষ ওয়েবসাইট। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করেন প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে সেভ রংপুরের প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর আল মামুন বলেন, রংপুরের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকেই ব্যক্তিগত নিরাপত্তা বা পরিচয় প্রকাশের আশঙ্কায় অপরাধ সংক্রান্ত তথ্য প্রশাসনকে জানাতে চান না। তাদের জন্যই ‘সেভ রংপুর’ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেখানে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, নাগরিকদের দেওয়া তথ্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হবে, যা অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। ওয়েবসাইটটির মাধ্যমে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, সন্ত্রাস, কিশোর অপরাধ, ইভটিজিংসহ বিভিন্ন ধরনের অপরাধ সম্পর্কে তথ্য জানানো যাবে।
আল মামুন আরও বলেন, অনেক মানুষ তাদের আশপাশে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানলেও বিভিন্ন জটিলতার আশঙ্কায় প্রশাসনের কাছে সরাসরি যেতে চান না। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই এই তথ্যভিত্তিক ওয়েবসাইট চালু করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি নিরাপদ শহর গড়ে তোলা শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষ যদি সচেতনভাবে অপরাধের তথ্য প্রদান ও প্রতিরোধে ভূমিকা রাখে, তাহলে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ রংপুর গড়ে তোলা আরও সহজ হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর চেম্বার অব কমার্সের পরিচালক পার্থ বোস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন এবং রংপুর মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা নাগরিক অংশগ্রহণের মাধ্যমে অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ‘সেভ রংপুর’ উদ্যোগকে একটি নিরাপদ নগর গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।