ময়মনসিংহের হালুয়াঘাটে এক নারীর স্বামীকে মদ পান করানোর পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে হালুয়াঘাট থানায় অভিযোগটি দায়ের করা হয়। এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে ঘটনাটি ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে। আর্থিক অসচ্ছলতার কারণে তারা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে বসবাস করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই নারীর স্বামী মাদকাসক্ত।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ঘটনার দিন শাহজাহান ও তার স্বামী স্থানীয় একটি গারো বাড়িতে গিয়ে মদ পান করেন। পরে তারা দুজন একসঙ্গে তার বসবাসের স্থানে আসেন। একপর্যায়ে তার স্বামী সেখান থেকে চলে গেলে শাহজাহান তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শাহজাহান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে অভিযুক্ত শাহজাহান ও ভুক্তভোগী নারীর স্বামী একসঙ্গে মদপান করতেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।