হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। বুধবার উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামের ওই কমপ্লেক্সে আগুন লাগে, যা মুহূর্তেই ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
দুই দিন পর নিয়ন্ত্রণে আগুন, টানা একদিনের বেশি সময় ধরে জ্বলার পর শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ১২৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে ৮৯ জনের পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতদের একজন ফায়ার সার্ভিসের সদস্যও আছেন।
আহত ৭৯, তাপমাত্রা ছুঁয়েছে ৫০০ ডিগ্রি অগ্নিকাণ্ডে আরও ৭৯ জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন এতটাই তীব্র ছিল যে তাপমাত্রা একসময় ৫০০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। তীব্র উত্তাপে কিছু জায়গায় আগুন নেভানোর পরও আবার জ্বলে ওঠার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ধারণা, আগুন ভবনের নিচতলা থেকে শুরু হয়ে দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। এই কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে, যা সম্পন্ন হতে কয়েকদিন লাগতে পারে।
বৃহৎ শক্তি নিয়ে কাজ করেছে ফায়ার সার্ভিস আগুন নেভাতে প্রায় ২ হাজার ৫০০ কর্মী, ৩৯১টি ফায়ার ইঞ্জিন এবং ১৮৮টি অ্যাম্বুলেন্স অংশ নেয়। তবে হেলিকপ্টার বা ড্রোন ব্যবহার করা হয়নি। ভবনের ভেতরের আগুন হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে নেভানো সম্ভব না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।
সূত্র: বিবিসি