গাজা উপত্যকার দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তুত করা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ চূড়ান্তের পথে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই ধাপ নিয়ে আলোচনা করতে চলতি মাসের শেষের দিকে তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, বৈঠকে গাজায় স্থায়ী শান্তির সম্ভাবনা, হামাসের শাসন ব্যবস্থার অবসান এবং নিরাপত্তা কাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। দুই বছরের সংঘাতের অবসানে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি, আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তীকালীন টেকনোক্র্যাট ফিলিস্তিনি সরকার গঠন এবং গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর সহায়তায় প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে।
নেতানিয়াহু জানান, শান্তি পরিকল্পনার প্রথম ধাপ প্রায় শেষ পর্যায়ে। দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে তিনি এবার বিস্তারিত আলোচনায় বসছেন। বৈঠকের স্থান বা সময় সম্পর্কে নেতানিয়াহু কোনো তথ্য প্রকাশ করেননি। তবে ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, গত সোমবার নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথা হয়েছে এবং ট্রাম্প তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।
গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সহিংসতার মাত্রা কিছুটা কমলেও পুরোপুরি থামেনি। যুদ্ধবিরতির পর হামাস ২০ জন জীবিত জিম্মি ও ২৭ জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। এর বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তবে আরও একজন ইসরায়েলি জিম্মির মরদেহ এখনও গাজায় রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সূত্র: রয়টার্স, এএফপি