বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সোনাসহ গ্রেপ্তার হওয়া কন্নড় অভিনেত্রী রান্যা রাও–এর করা আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতের রায় বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ে বলা হয়েছে, এ মামলায় অভিযুক্তদের আটক ও বিচার প্রক্রিয়ায় কোনো বেআইনি ত্রুটি নেই। ফলে রান্যা রাওয়ের আবেদন গ্রহণযোগ্য নয় বলে আদালত মত দেন।২০২৫ সালের মার্চ মাস থেকে বেঙ্গালুরুর পরপ্পনা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন রান্যা রাও। তার সঙ্গে গ্রেপ্তার হন কোন্ডারু রাজু ও সাহিল জৈন নামের আরও দুই অভিযুক্ত।তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, তিনজন মিলে একটি সংগঠিত স্বর্ণ পাচার চক্র গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, দুবাই, উগান্ডাসহ বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে স্বর্ণ এনে পোশাকের ভেতর লুকিয়ে পাচার করা হতো। একই সঙ্গে হাওয়ালার মাধ্যমে অর্থ লেনদেন পরিচালনা করা হচ্ছিল।গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মোট ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ কোটি ৫০ লাখ রুপি। এ ছাড়া রান্যা রাওয়ের বাসভবনে তল্লাশি চালিয়ে নগদ ২ কোটি ৫০ লাখ রুপি এবং প্রায় ২ কোটি রুপির স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। এর আগে একাধিক নিম্ন আদালত অভিযুক্তদের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে রান্যা রাওসহ তিন অভিযুক্তের মায়েরা—রোহিণী রাও, রমা রাজু ও প্রিয়াঙ্কা সারকারিয়া—কেন্দ্রীয় সরকারের ‘কফিপোসা’ আইনে আটকাদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন। তবে সেই আবেদনও শেষ পর্যন্ত খারিজ করে দেন সুপ্রিম কোর্ট।