ছোট পর্দায় দর্শকপ্রিয়তার শীর্ষে থাকা জুটিগুলোর মধ্যে অন্যতম আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। গত বছর একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে তারা দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি পর্দায় তাদের রসায়ন নিয়েও তৈরি হয়েছে নানা আলোচনা।
সম্প্রতি এই দুই অভিনেতা অংশ নেন ইউটিউবভিত্তিক জনপ্রিয় টক শো হোয়াট আ শো–তে, যা সঞ্চালনা করেন রাফসান সাবাব। অনুষ্ঠানে কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত ভাবনা ও শুটিং সেটের নানা মজার মুহূর্ত নিয়ে খোলামেলা আড্ডা দেন তারা।
আড্ডার এক পর্যায়ে নাটকের শুটিং চলাকালীন একটি মজার ঘটনার ভিডিও দেখানো হয়। সেখানে দেখা যায়, আরশ খান একটি গাছে উঠে বসে আছেন, আর নিচে সুনেরাহসহ অন্য কলাকুশলীরা দাঁড়িয়ে। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সুনেরাহ হাসতে হাসতে জানান, ঘটনাটি ছিল আসলে আরশের জন্য ‘শিক্ষামূলক শাস্তি’।
তিনি বলেন, কাজের ক্ষেত্রে সময়ানুবর্তিতা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। শুটিং সেটে তিনি সব সময় চান নায়ক যেন আগে পৌঁছান। আরশকে আগেই সতর্ক করা হয়েছিল, তবু তিনি পাঁচ মিনিট দেরিতে আসেন। তাই মজা করেই তাকে গাছে উঠতে হয়েছিল।
এ সময় পাশে থাকা আরশ খান বিষয়টিকে হালকাভাবে নেন। রসিকতা করে তিনি বলেন, তিনি নিজেকে নায়ক হিসেবে নয়, বরং একজন অভিনেতা হিসেবেই ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
আরশের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সুনেরাহ বিনতে কামাল বলেন, শুরুতে তিনি আরশকে যতটা সহজভাবে ভেবেছিলেন, বাস্তবে সেটে তাকে তার চেয়েও বেশি মনোযোগী ও দায়িত্বশীল পেয়েছেন।
সুনেরাহর ভাষায়, কাজ শুরুর আগে তিনি খুব বেশি প্রত্যাশা করেননি। কিন্তু শুটিংয়ে গিয়ে দেখেছেন, আরশ কাজের প্রতি ভীষণ সিরিয়াস, নিয়মিত রিহার্সাল করে, সেটে অযথা ফোনে সময় নষ্ট করে না এবং প্রতিটি দৃশ্যে মনোযোগী থাকে।
তিনি আরও বলেন, শুরুর দিকে আরশ বেশ ভদ্র ও চুপচাপ ছিল। এখনো কাজের ব্যাপারে তার সিরিয়াসনেস একই আছে, তবে এর সঙ্গে যোগ হয়েছে কিছু দুষ্টুমি—যা পুরো সেটকে আরও প্রাণবন্ত করে তোলে।