ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন, পারিশ্রমিক ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাজের মান কিংবা পারিশ্রমিক—কোনো ক্ষেত্রেই তিনি আপস করতে প্রস্তুত নন।
সাক্ষাৎকারে মিমি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে তিনি কিছুটা কৌশলী হলেও মুখের ওপর সত্য কথা বলার অভ্যাস বদলায়নি। তার ভাষায়, অনেক নির্মাতা বা প্রযোজকই তাকে কাজে ডাকেন না, কারণ পারিশ্রমিক নিয়ে তিনি দরদাম করেন না। তিনি মনে করেন, যখন একজন শিল্পী নিজের কাজের জন্য শতভাগ শ্রম ও নিষ্ঠা দেন, তখন ন্যায্য পারিশ্রমিক পাওয়া তার অধিকার—এখানে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।
ক্যারিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষ–এর জনপ্রিয় ধারাবাহিক গানের ওপারে‑তে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন মিমি। সেই চরিত্রের পর কেন তাকে আর আগের মতো ধারাবাহিকে দেখা যায়নি—এমন প্রশ্নে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
মিমি বলেন, ‘পুপে ছিল পুরোপুরি ঋতু দার কল্পনার সৃষ্টি। সেই চরিত্রের যে জাদু ছিল, তা অন্য কারও পক্ষে তৈরি করা সম্ভব নয়। তবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, ক্যারিয়ারের একেবারে শুরুতেই এমন একটি স্মরণীয় চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছিলাম।’
ইন্ডাস্ট্রির বাস্তবতা প্রসঙ্গে তিনি আরও বলেন, তার এমন কেউ নেই—প্রেমিক, বাবা বা বড় ভাই—যাদের নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে এবং যারা তাকে কেন্দ্র করে গল্প লিখবেন। তাই যেসব কাজের প্রস্তাব আসে, সেখান থেকেই নিজের পছন্দ ও বিবেচনায় তিনি কাজ বেছে নেন।