ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার রাতে হাদির মেজো ভাই ওমর বিন হাদি জিডিটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
ওসি মনিরুজ্জামান বলেন, “হাদির ভাই নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। আমরা পরবর্তী আইনগত পদক্ষেপ নিচ্ছি।”
জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেছেন, গত ১২ ডিসেম্বর হামলায় আহত হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান শরিফ ওসমান হাদি। তাঁর মৃত্যুর পর থেকেই তিনি এবং হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগে বলা হয়েছে, হাদির খুনিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা যেকোনো সময় পরিবারের ওপর হামলা চালাতে পারে।
জিডিতে আরও উল্লেখ করা হয়, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে তিনি এবং নিহত হাদির সন্তান ঝুঁকির মধ্যে আছেন বলে দাবি করেন।
সম্প্রতি অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে তিন বছরের চুক্তিতে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দিয়েছে ওমর বিন হাদিকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনস্বার্থে এ নিয়োগ নিশ্চিত করা হয়েছে।
গত ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবন এলাকায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়।