রাজধানীর ঢাকার পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবী থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, নিহতদের মধ্যে দুজন দম্পতি ও তাদের দুই সন্তান। ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের বরাতে তারা ধারণা করছে—পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণসংক্রান্ত চাপে ভুগছিল। হতাশা ও মানসিক দুশ্চিন্তা থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘরটির ভেতর থেকে নমুনা সংগ্রহ ও প্রাথমিক তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা বলছেন, পরিবারের আর্থিক অবস্থা, সম্ভাব্য নোট বা প্রমাণ, মৃত্যুর সময় ও পরিস্থিতি
এসব বিষয় যাচাই করে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর ধরন আরও স্পষ্ট হবে।