লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে একটি ভোজ্যতেল ডিলার প্রতিষ্ঠানের অফিসে ঢুকে ম্যানেজারকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ম্যানেজার বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, উত্তর সাপটানা, মুক্তিযোদ্ধা চত্তর, সৈয়দমোড় এলাকার বাসিন্দা মো. আসাদুজ্জামান তপু অভিযোগ করেন—তিনি মিরাজ ট্রেডিং, লালমনিরহাটের (রূপচাঁদা তেল) ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২৫ ফেব্রুয়ারি রাতে হিসাবনিকাশ শেষে প্রতিষ্ঠানের কর্মচারী মো. ইমরান পচার হিসাবে প্রায় ৬ হাজার টাকার গরমিল ধরা পড়ে। এ বিষয়ে তাকে সতর্ক করে সাময়িকভাবে কাজে না আসতে বলা হয়।
অভিযোগে বলা হয়, এর জেরে ২৬ ফেব্রুয়ারি পৌরসভার সামনে সকাল সাড়ে ১১টার দিকে ইমরান পচাসহ মো. আলমগীর হোসেন, হিমেল, হিরো ও রিক্ত অফিসে এসে বাদীর কলার ধরে টেনে বাইরে নিয়ে যায় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে অন্য আসামিরা লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে।
বাদীর দাবি, মারধরের সময় তার প্যান্টে থাকা আগের দিনের কালেকশনের ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলায় তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল-এ ভর্তি করেন। হাসপাতালের রেজিস্ট্রেশন নম্বর ৮৩৯/০৬, তারিখ ২৬/০২/২০২৬ বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। বাদীর দাবি, পুরো ঘটনাটি অফিসের সিসিটিভি ক্যামেরায় ধারণ রয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।