অবরুদ্ধ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে যুক্তরাষ্ট্র ও ইরান-এর পাল্টাপাল্টি পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আল জাজিরা-র এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকায় প্রণালিটি পুনরায় চালুর প্রাথমিক সিদ্ধান্ত থেকে সরে এসেছে তেহরান। এ সময় প্রণালিতে চলাচলরত একটি জাহাজে গুলির ঘটনাও সামনে এসেছে।
সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান TankerTrackers.com জানিয়েছে, ওই ঘটনার পর বেশ কয়েকটি জাহাজকে প্রণালি থেকে ফিরে যেতে বাধ্য করা হয়। এর মধ্যে একটি ভারতীয় পতাকাবাহী সুপার ট্যাংকারও ছিল।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এ পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে এবং চলমান সংকটকে আরও তীব্র করে তুলতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকিও বাড়ছে।
তবে মধ্যস্থতাকারীরা এখনো একটি সম্ভাব্য সমঝোতার বিষয়ে আশাবাদী বলে জানা গেছে।
এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি ঘোষণা দিয়েছেন, “হরমুজ প্রণালি এখন কঠোর সামরিক নিয়ন্ত্রণে রয়েছে।” তিনি জানান, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এখন থেকে আইআরজিসি নৌবাহিনীর অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।