টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ শেষ হয়েছে জমজমাট এক ফাইনালের মধ্য দিয়ে। রোববার (২৮ সেপ্টেম্বর) কলম্বোতে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ব্যাট হাতে যেমন আধিপত্য দেখিয়েছে দলটি, বোলিংয়েও পিছিয়ে ছিল না। ভারতের কুলদীপ যাদব হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। তবে শীর্ষ পাঁচে পাকিস্তানি বোলারদের আধিপত্যই ছিল সবচেয়ে বেশি। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও।
ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব ছিলেন এবারের আসরের সবচেয়ে সফল বোলার। ৭ ম্যাচে শিকার করেছেন সর্বোচ্চ ১৭ উইকেট। তার ইকোনমি ছিল মাত্র ৬.২৭। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে নিয়েছেন ৪ উইকেট, যা দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে।
দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। ৭ ম্যাচে তার ঝুলিতে এসেছে ১০ উইকেট। টুর্নামেন্টজুড়ে ওভারপ্রতি মাত্র ৬.৬০ রান খরচ করেছেন এই বাঁহাতি পেসার।
তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অভিজ্ঞ পেসার জুনায়েদ সিদ্দিকী। সুপার ফোরে খেলার সুযোগ না পেলেও মাত্র ৩ ম্যাচে ৯ উইকেট শিকার করে চমক দেখান ৩২ বছর বয়সী এই বোলার।
বাংলাদেশের মুস্তাফিজুর রহমান তালিকার চতুর্থ স্থানে আছেন। ৬ ম্যাচে তার সংগ্রহ ৯ উইকেট। গুরুত্বপূর্ণ মুহূর্তে সাফল্য এনে দিলেও ধারাবাহিকতার অভাবে আরও ওপরে ওঠা হয়নি দ্য ফিজের।
শীর্ষ পাঁচের শেষ নাম পাকিস্তানের হারিস রউফ। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করলেও ফাইনালে ছিলেন ব্যর্থ। সবমিলিয়ে ৫ ম্যাচে ১৮.৩৩ গড়ে শিকার করেছেন ৯ উইকেট।
কুলদীপ যাদব (ভারত) – ১৭ উইকেট (৭ ইনিংস)
শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান) – ১০ উইকেট (৭ ইনিংস)
জুনায়েদ সিদ্দিকী (আমিরাত) – ৯ উইকেট (৩ ইনিংস)
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – ৯ উইকেট (৬ ইনিংস)
হারিস রউফ (পাকিস্তান) – ৯ উইকেট (৫ ইনিংস)