আসাদুজ্জামান নূর-কে রাজধানীর মিরপুর থানা ও রমনা থানা-য় দায়ের করা দুটি হত্যা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
এর আগে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানার একটি হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী-কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় কিশোর সিয়াম সরদার হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের বাবা সোহাগ সরদার ১২ সেপ্টেম্বর মামলাটি করেন। ওই মামলায় আসাদুজ্জামান নূরের নামও রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূর-কে গ্রেপ্তার করেছিল পুলিশ।