প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমানকে নিয়ে কটূক্তি এবং মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি দিয়েছেন দুদকের পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এ কে এম আজিজুল হক খান।
নোটিশে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটোয়ারী প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের কোটি মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। এতে নোটিশ প্রেরণকারী নিজেও মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।
নিজের ফেসবুক স্ট্যাটাসে আইনজীবী এ কে এম আজিজুল হক খান উল্লেখ করেন, কেন নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
নোটিশে যোগাযোগের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান, জজ কোর্ট, ময়মনসিংহ, জুবেদ আলী ভবন, কক্ষ নং-৮৫, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি।