ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ‘বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক’ এবং এ কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বশেষ তিনি ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এ ঘটনায় ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পরে অভিযোগের জবাব, ব্যক্তিগত শুনানি ও তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন। এর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হয়। পিএসসিও তাঁর বিরুদ্ধে ‘বাধ্যতামূলক অবসর’ সূচক গুরুদণ্ড আরোপ করা যেতে পারে বলে মত দেয়।