বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা এবার পৌঁছে গেল ব্রাজিলের তারকা ফুটবলার Neymar–এর কাছেও। রাজধানীর Daffodil International University–এর শিক্ষার্থীদের করা এক ভিডিওতে লাইক দিয়ে সাড়া দিয়েছেন ব্রাজিলের এই সুপারস্টার।
শনিবার ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন হাজারো সমর্থক। হলুদ জার্সি, ব্রাজিলের পতাকা আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। একপর্যায়ে শিক্ষার্থীরা সমস্বরে “নেইমার, নেইমার” স্লোগান দিতে থাকেন।
এই মুহূর্তের একটি রিল ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার ইফতি। পোস্ট করার পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে।
তবে সবচেয়ে বড় চমক আসে পরে। ব্রাজিল জাতীয় দলের তারকা নেইমার তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে লাইক দেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাসে ভাসেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের অসংখ্য ব্রাজিল সমর্থক।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেছেন, “নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি আমাদের আবেগ।”
ফুটবলপ্রেমীদের মতে, নেইমারের এই ছোট্ট প্রতিক্রিয়া প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা ও সমর্থন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবলারের কাছেও পৌঁছে গেছে।