বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত অবৈধ মাদক হিসেবে এখনও শীর্ষে রয়েছে গাঁজা। বর্তমানে বিশ্বে প্রায় ২৬ কোটি মানুষ নিয়মিত গাঁজা সেবন করেন, যা আফিম, অ্যামফিটামিন, কোকেন ও এক্সট্যাসি ব্যবহারকারীদের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি।
সম্প্রতি জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট ২০২৬’-এ এ তথ্য উঠে এসেছে।
গত শুক্রবার (২৬ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত এক দশকে বিশ্বব্যাপী গাঁজা ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। ২০১৪ সালে ১৫ থেকে ৬৪ বছর বয়সী জনসংখ্যার ৩ দশমিক ৮ শতাংশ গাঁজা ব্যবহার করলেও, ২০২৪ সালে তা বেড়ে ৪ দশমিক ৮ শতাংশের বেশি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ থেকে ১২ বছরে গাঁজা সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পাশাপাশি পাচারের নতুন কৌশলও এর ব্যবহার বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
ইউএনওডিসির মতে, গাঁজার উৎপাদন, পাচার ও ব্যবহার তিন ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে উত্তর আমেরিকার কয়েকটি দেশে গাঁজাকে বৈধকরণ বা অপরাধমুক্ত করার নীতি গ্রহণের পর এর ব্যবহার আরও বেড়েছে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, গাঁজার ব্যবহার বৃদ্ধি জনস্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। তাই বৈশ্বিক পর্যায়ে কার্যকর নীতি ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।