কেউ বলেন সুগন্ধে ভরা অতুলনীয় ফল, আবার কারও কাছে এর গন্ধই অসহ্য। ভালোবাসা আর অপছন্দের এই দুই মেরুর অনুভূতির মাঝেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। দেখতে কাঁটাময় ও ভারী হলেও এর ভেতরে লুকিয়ে আছে অনন্য স্বাদ, পুষ্টিগুণ এবং বাঙালির দীর্ঘদিনের খাদ্য ও সংস্কৃতির ইতিহাস।
বাংলাদেশের গ্রামীণ জীবনে কাঁঠাল শুধু একটি মৌসুমি ফল নয়, বরং ঐতিহ্যের অংশ। কাঁচা কাঁঠাল বা এঁচোড় দিয়ে তৈরি নানা পদ বহুদিন ধরেই জনপ্রিয়। আঁশযুক্ত গঠনের কারণে একে অনেকেই ‘গরিবের মাংস’ বলে থাকেন। অন্যদিকে পাকা কাঁঠাল তার মিষ্টি স্বাদ, রসালো কোয়া এবং স্বতন্ত্র সুবাসের জন্য পরিচিত।
পুষ্টিগুণের দিক থেকেও কাঁঠাল বেশ সমৃদ্ধ। এতে রয়েছে প্রোটিন, খাদ্যআঁশ, ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়ামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা শরীরের জন্য উপকারী।
বর্তমানে কাঁঠালের ব্যবহার শুধু ফল বা তরকারিতে সীমাবদ্ধ নেই। কাঁঠাল দিয়ে বিরিয়ানি, বার্গার, কাবাব, কাটলেট, চিপস, পাকোড়া, ললিপপ, শাশলিক, কেক, পেস্ট্রি, হালুয়া, পাটিসাপটা, নকশিপিঠা ও রুটিসহ নানা ধরনের উদ্ভাবনী খাবার তৈরি হচ্ছে। ফলে জাতীয় ফলটির বাণিজ্যিক সম্ভাবনাও দিন দিন বাড়ছে।
উৎপাদনের দিক থেকেও বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাঁঠাল উৎপাদনকারী দেশ বাংলাদেশ। ২০২৩-২৪ অর্থবছরে দেশে প্রায় ১৮ লাখ ৩০ হাজার মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হয়েছে। এ ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে ভারত।
কৃষিবিদদের মতে, সহজলভ্যতা, জনপ্রিয়তা এবং দেশের সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে গভীর সম্পর্ক থাকার কারণেই কাঁঠালকে বাংলাদেশের জাতীয় ফল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশের প্রায় সব অঞ্চলে কাঁঠাল জন্মায় এবং এটি মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে।
শুধু বাংলাদেশেই নয়, শ্রীলঙ্কারও জাতীয় ফল কাঁঠাল। ভারতের কেরালা ও তামিলনাড়ু রাজ্যের রাজ্যফলও এটি। উদ্ভিদবিদদের মতে, কাঁঠালের আদি নিবাস ভারতীয় উপমহাদেশের পশ্চিমঘাট অঞ্চল।
প্রতি বছর ৪ জুলাই বিশ্বব্যাপী ‘কাঁঠাল দিবস’ পালন করা হয়। দিবসটির উদ্দেশ্য কাঁঠালের পুষ্টিগুণ, বহুমুখী ব্যবহার এবং উদ্ভিদভিত্তিক খাদ্য হিসেবে এর সম্ভাবনাকে আরও জনপ্রিয় করে তোলা।
জাতীয় ফল হিসেবে কাঁঠাল শুধু স্বাদের নয়, বরং ঐতিহ্য, পুষ্টি এবং কৃষি অর্থনীতিরও গুরুত্বপূর্ণ প্রতীক। নতুন নতুন খাবার ও উদ্ভাবনের মাধ্যমে এই সম্ভাবনাময় ফল বিশ্ববাজারেও বাংলাদেশের পরিচিতি আরও বাড়াতে পারে।