পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আগামী ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করতে আসছেন। বিষয়টি এবার নিজেই এক ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।
আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ-এর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে আতিফ আসলাম বলেন, “হ্যালো, আমি আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই ঢাকার ৩০০ ফিটে ক্রিকেটারস একাডেমিতে আমি লাইভ পারফর্ম করতে যাচ্ছি। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। লেটস রক দ্য শো।”
ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই কনসার্ট রাজধানীর ৩০০ ফিট এলাকার ক্রিকেটারস একাডেমিতে অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ২টায় ভেন্যুর গেট খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৬টায় গেট বন্ধ করা হবে। মূল কনসার্ট বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
আতিফ আসলামের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।
ইতোমধ্যে GetMyTicket ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে:
উল্লেখ্য, আতিফ আসলামের এই কনসার্টটি মূলত গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, যেসব দর্শক আগের কনসার্টের টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। আর যারা রিফান্ডের আবেদন করেও এখনো অর্থ ফেরত পাননি, তারা চাইলে আবেদন প্রত্যাহার করে আগের টিকিট পুনরায় ব্যবহার করতে পারবেন।
মেইন স্টেজের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, “চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে আমরা। দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি রাখতে পেরেছি। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলায় পরিণত হবে।”